অ্যাম্বুলেন্সে শুয়ে এসএসসি পরীক্ষা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৫৪
পূর্ব বিরোধের জেরে হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালের বিছানায় আরমান। কিন্তু তার এসএসসি পরীক্ষা চলায় কেন্দ্র সচিবের কাছে পরিবারের পক্ষ থেকে শ্রুতি লেখক দিয়ে তার পরীক্ষা নেওয়ার জন্য আবেদন করা হয়। তাদের আবেদনের ভিত্তিতে শ্রুতি লেখক দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় আরমানকে।
রোববার সাধারণ বিজ্ঞান পরীক্ষা চলাকালে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, অ্যাম্বুলেন্সের বিছানায় শুয়ে ব্যান্ডেজ লাগানো হাতে প্রশ্ন ধরে শ্রুতি লেখক দিয়ে পরীক্ষা দিচ্ছে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম আরমান। আরমান বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালি বাড়ির মোস্তফা কামালের ছেলে।
আরমানের চাচা নূর নবী জানান, প্রায় ৬ মাস আগে আরমানের এক সহপাঠীর সাথে বড় ভাই ছোট ভাই সম্বোধন নিয়ে চৌমুহনীর গনিপুরের বহিরাগত কয়েকজনের সাথে বাকবির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়ভাবে তা মিমাংসা করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি সহপাঠীদের সঙ্গে প্রাইভেট শেষ করে সাজেশন নিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হন আরমান।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেশমা আক্তার জানান, আরমান অসুস্থ থাকায় বিশেষ প্রদ্ধতিতে শ্রুতি লেখক দিয়ে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, একজন আহত পরীক্ষার্থী অ্যাম্বুলেন্সে শুয়ে পরীক্ষা দিচ্ছেন বলে তিনি শুনেছেন। কিন্তু হামলার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম জানান, পরীক্ষার্থীর পরিবারের আবেদনের ভিত্তিতে অ্যাম্বুলেন্সে বসে শ্রুতি লেখক দিয়ে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
- বিষয় :
- অ্যাম্বুলেন্স
- এসএসসি
