ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ভেজাল কাঁচামালে আয়ুর্বেদিক ওষুধ, একজনের কারাদণ্ড

ভেজাল কাঁচামালে আয়ুর্বেদিক ওষুধ, একজনের কারাদণ্ড
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৬:৩৭ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০৬:৫২

অনুমোদনহীন ও ভেজাল কাঁচামালের মিশ্রণে নিজ ঘরেই তৈরি করা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। পরে এই ওষুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। চটকদার বিজ্ঞাপনে প্রতারিত হয়ে নগরীর মানুষ এসব ওষুধ সেবন করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর সোনাডাঙ্গার করিমনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ ও জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওষুধ তৈরিতে যুক্ত মো. শাহ আলম নামের এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. শাহ আলমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পাশা গ্রামে। বিগত ৫/৬ মাস ধরে করিমনগর এলাকার আশরাফ আলী হাওলাদারের বাড়ি ভাড়া নিয়ে ওই ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন তিনি।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার জানান, খুলনা ঔষধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশীদকে নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। হারবাল ওষুধ তৈরির কোনো অনুমোদন সেখানে ছিল না। এছাড়া যেসব কাঁচামাল দিয়ে ওষুধ তৈরি করা হচ্ছিল তা ত্রুটিপূর্ণ। এজন্য তাকে সাতদিনের কারাদণ্ড এবং ওষুধগুলো জব্দ করা হয়েছে।

তিনি জানান, এর আগে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে বিলকিস নামের এক দালালকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×