দণ্ডপ্রাপ্ত আসামি লাগাবে গাছ, পড়বে মুক্তিযুদ্ধের বই
মাগুরায় আদালতের ব্যতিক্রমী রায়
ফাইল ছবি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৬:৫৫
পারিবারিক বিরোধের জেরে সহিংসতার একটি মামলার রায়ে ইব্রাহিম হোসেন (৩০) নামে এক যুবককে বই পড়া, গাছ লাগানোসহ সদাচরণের জন্য সহায়ক ব্যতিক্রমী রায় দিয়েছেন মাগুরার মুখ্য বিচারিক আদালতের হাকিম। সোমবার বিকেলে আদালতের হাকিম মোহাম্মদ জিয়াউর রহমান এ রায় দেন।
আসামি ইব্রাহিম মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত হান্নান মোল্যার ছেলে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী সৈয়দ আমীর আলী জানান, ২০১৭ সালে ১৫ সেপ্টেম্বর একটি পারিবারিক বিরোধের জের ধরে হরেকৃষ্ণপুর গ্রামে মোছাম্মাৎ সায়লা আক্তার নামে এক নারী আহত হন। এ ঘটনায় সায়লার ছেলে মোহাম্মদ রকি মহম্মদপুর থানায় একই গ্রামের ইব্রাহিম, কামাল, চায়না বেগমকে আসামি করে মামলা করেন। ওই মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চায়না বেগম নির্দোষ প্রমাণিত হন। মামলার তদন্তকালে অপর আসামি কামাল হোসেন চার্জশিট থেকে অব্যহতি পান। অন্যদিকে ৬ মাসের কারাদণ্ড ভোগের পরিবর্তে সংশোধনের জন্য ইব্রাহিমকে দণ্ডবিধির ৩২৪ ধারার পরিবর্তে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে এক বছর সময়কালের জন্য ৭টি শর্তে প্রবেশন মঞ্জুর করেন হাকিম জিয়াউর রহমান। এই প্রবেশনকালীন সময়ে বিজ্ঞ বিচারক ইব্রাহিমকে যে ৭টি শর্ত পূরণের রায় দিয়েছেন সেগুলো হলো প্রবেশনকালীন দোষী সাব্যস্ত আসামি কোনো অপরাধের সঙ্গে জড়িত হবেন না বা একই ধরণের অপরাধ আর করবেন না, শাস্তি বজায় রাখবেন এবং ভালো ব্যবহার করবেন, আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন, কোনরূপ মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, কোন খারাপ সঙ্গীর সাথে আর মিশবেন না। প্রবেশনকালীন সময়ে আসামী মহান মুক্তিযুদ্ধের ওপর দুটি বই জাহানারা ইমামের একাত্তরের দিনগুলো ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের লেখা একাত্তরের চিঠিসহ ইসলাম ও নৈতিকতার ওপর আরো দুটি বই পড়বেন এবং 'আগুনের পরশমনি' সিনেমা দেখবেন, প্রবেশনকালীন আসামি পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসাবে ২টি বনজ ও ৩টি ফলজ গাছ লাগাবেন।
প্রবেশনার আসামি ইব্রাহিম প্রবেশনের কোনো শর্ত ভঙ্গ করলে বা তার আচরণ সন্তোষজনক না হলে প্রবেশন আদেশ বাতিল করা হবে এবং অপরাধের জন্য নির্ধারিত ৬ মাসের কারাদণ্ড ভোগ করবেন। প্রবেশনার কর্মকর্তা প্রতি তিন মাস অন্তর শর্ত প্রতিপালন ও অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দাখিল করবেন।
- বিষয় :
- মাগুরা
- মাগুরার মুখ্য বিচারিক আদালত
