ছেলের বউ করলো মারধর, ছেলে করলো ঘরছাড়া
নির্যাতিত জবেদা বেওয়া -সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৭:২৫ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০৭:২৯
দিনাজপুরের চিরিরবন্দরে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ছেলের বউ তার শাশুড়িকে চুলের মুঠি ধরে মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মন্ডলপাড়া এলাকায়।
এ ঘটনায় নির্যাতনের শিকার ওই মা মঙ্গলবার দুপুরে ছেলে আব্দুল সালাম (৪০), ছেলের স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও ছেলের শ্যালিকা হাবিবা খাতুনের (৩৮) বিরুদ্ধে চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নির্যাতিত বৃদ্ধার নাম জবেদা বেওয়া (৬৫)। তিনি ওই এলাকার ওই এলাকার মৃত. নুরুল হকের স্ত্রী।
জবেদা বেওয়ার দেওয়া অভিযোগ থেকে জানা যায়, তার ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে সম্প্রতি কয়েকবার পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। এইসব ঘটনার সময় ছেলে ও ছেলের বউ তাকে বেশ কয়েকবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং মারধর করেছেন। গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লাগলে ছেলে, ছেলের স্ত্রী ও ছেলের শ্যালিকা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে ছেলের স্ত্রী তাকে এলোপাথারি মারতে শুরু করেন। এ সময় তার চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে মুখে থাপ্পর দিয়ে রক্তাক্ত করা হয়। এছাড়াও বাঁশের লাঠি দিয়ে তার ঘাড়ে, পিঠে, পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এ সময় তার চিৎকারে নাতি এগিয়ে আসলে তাকেও ছেলে মারধোর করে। পরে দু’জনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ছেলে বলে, ‘এবারের মত বেঁচে গেলি, এরপর সুযোগ পেলে মেরে হা-পা ভেঙে দেব।’ পরে ছেলে তাকে বাড়ি থেকে বের করে দেন।
জবেদা বেওয়া বলেন, আমার ছেলে আমাকে বলে ‘আমি তোকে চিনি না’। আমার ঘরের ভেতর দিয়ে ছিটকিনি লাগিয়ে আমাকে বাইরে রাখছে। এখনো আমার টয়লেটের দরজায় তালা ঝুলিয়ে রাখছে। আমি এসবের বিচার চাই।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, এরকম একটি অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দিয়ে আপাতত ওই মাকে ঘরে তোলার ব্যবস্থা করা হয়েছে। আগামী বুধবার মা, ছেলে, ছেলের স্ত্রী ও তার শ্যালিকাকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি মিমাংসা করার চেষ্টা চলছে। এরপরও কোন সুরাহা না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
- বিষয় :
- দিনাজপুর
- মাকে নির্যাতন
