ইবি ছাত্রের আন্ডারওয়্যার থেকে মিলল ৫০০ গ্রাম হেরোইন
৫০০ গ্রাম হেরোইনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিনারুল ইসলামকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর- সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৮:২৬
ঢাকাগামী একটি কোচে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই ছাত্রের নাম মিনারুল ইসলাম। তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জ সদরে।মিনারুল কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকা যাচ্ছে। এ খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে রাজশাহীর কাটাখালি এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাসি অভিযান চালানো হয়।
এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস কোচের যাত্রী মিনারুল ইসলামের শরীরে তল্লাসি করা হয়। এ সময় তার আন্ডারওয়্যার থেকে ৫০০ গ্রাম হেরোইনের একটি প্যাকেট পাওয়া যায়। এই হেরোইনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।
কাটাখালী থানার ওসি জিলতুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৫০০ গ্রাম হেরোইনসহ এক ছাত্রকে থানায় সোপর্দ করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
- বিষয় :
- হেরোইনসহ আটক
- ইবি শিক্ষার্থী
- রাজশাহী
