ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এএসআই গ্রেপ্তার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৮:৫৬
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দিনাজপুরের হাকিমপুরে একটি গ্রামে লোকজনের কাছ থেকে চাঁদাবাজি ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বগুড়ায় কর্মরত শাহাদৎ হোসেন নামে পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়ার চতুর্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।
সোমবার রাতে বগুড়া সদর থানা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এএসআই শাহাদৎ হোসেন রোববার সন্ধ্যার পর তিনি তিনজন সহযোগীকে সঙ্গে নিয়ে হাকিমপুর থানার মহড়াপাড়া গ্রামে সাদা পোশাকে যান। সেখানে তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের কয়েক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে আটক করে মাইক্রোবাসে তোলেন এবং টাকার বিনিময়ে পরে তাদেরকে ছেড়ে দেন। আটকদের মধ্যে আরমান হোসেন নামে একজন নগদ টাকা দিতে না পারলে ডিবি পুলিশ পরিচয়ধারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয় তাকে। এ ঘটনায় সন্দেহ হলে এবং এলাকায় জানাজানি হলে আরমানের স্ত্রী তারামনি বেগম ওই রাতেই হাকিমপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। মামলায় দেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় বগুড়ায় আসেন। তারা বগুড়া সদর থানা সংলগ্ন আকবরিয়া মার্কেটে সাজুর বিকাশের দোকানে গিয়ে বিকাশ রেজিস্ট্রার দেখে জানতে পারেন এএসআই শাহাদৎ হোসেন সোমবার দুপুরে নিজে স্বাক্ষর করে ১০ হাজার টাকা গ্রহণ করেছেন। এরপর দিনাজপুর জেলা পুলিশের দল বগুড়া সদর থানা চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তীর রুমে বসেন। পরে তারা কৌশলে শাহাদৎ হোসেনকে বগুড়া সদর থানায় ডেকে নেন। সেখানে ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি রুম থেকে দৌড়ে পালাবার চেষ্টা করেন। এসময় পুলিশের দল তাকে ধাওয়া করে থানার সামনে রাস্তা থেকে গ্রেপ্তার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, বিকাশ নম্বরের সূত্র ধরে বগুড়া জেলা পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এএসআই শাহাদৎকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শাহাদৎ হোসেনের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের পর দিনজপুর জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
