গাছ কাটার অভিযোগ দেওয়ায় পিটিয়ে আহত, মামলাও নিচ্ছে না পুলিশ
ফাইল ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:১২
চাকরির কারণে ঢাকায় থাকেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরকাওনা পশ্চিমপাড়ার মো. জাকির হোসেন (৩০)। তার আরেক ভাই চাকরির জন্য অন্য জায়গায় থাকেন। এ কারণে পৈতৃক ১২ শতাংশ জমি স্থানীয় হানিফ মিয়া নামে এক ব্যক্তির কাছে বর্গা দেন তারা। তবে ওই জমিতে রোপণ করা ফলন্ত কলা ও লাউগাছ গত ১৮ জানুয়ারি কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়ায় জাকির হোসেনকে পিটিয়ে আহত করা হয়। এ নিয়ে আরেকটি অভিযোগ দেন জাকির। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মামলা রেকর্ড করেনি পুলিশ। পরে বিচার চেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার বরাবর আবেদন করেন জাকির হোসেন।
জাকির হোসেনের অভিযোগ, পূর্ববিরোধের জেরে গত ১৮ জানুয়ারি সকালে স্থানীয় প্রতিপক্ষ নুরুল ইসলাম ও তার দুই ছেলে সাদেক আলী ও রুহুল আমিন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার জমিতে হানা দেয়। এ সময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ফলন্ত গাছ কেটে নিয়ে যায় তারা। বিষয়টি বর্গাচাষি হানিফ মিয়াকে জানালে তিনি ঢাকা থেকে বাড়িতে গিয়ে ১৯ জানুয়ারি পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে ওইদিন দুপুরে পাকুন্দিয়া থানার এএসআই মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তিনি গাছ কাটার দায়ে নূরুল ইসলাম ও তার দুই ছেলেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার মিনিট দশেক পরই তার ওপর চড়াও হয় প্রতিপক্ষ নুরুল ও তার ছেলেরা। রড ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করে তারা। পরে তার চিৎকারে এলাকাবাসী গিয়ে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করে। সেখান থেকে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ২০ জানুয়ারি পাকুন্দিয়া থানায় আরেকটি অভিযোগ দেন তিনি। তবে এ অভিযোগ মামলা হিসেবে রেকর্ড কিংবা হামলাকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। এ পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের পুলিশ সুপার বরাবর বিচার চেয়ে লিখিত আবেদন করেছেন তিনি। এ নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
জানা গেছে, পুলিশ সুপারের কার্যালয় থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য পাকুন্দিয়া থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, অভিযোগ অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
- বিষয় :
- গাছ কাটা
- মামলা
- কিশোরগঞ্জ
- পাকুন্দিয়া
