ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

জেসিপিএসসি’র আন্তঃহাউজ ২০তম বার্ষিক ক্রীড়া সম্পন্ন

জেসিপিএসসি’র আন্তঃহাউজ ২০তম বার্ষিক ক্রীড়া সম্পন্ন
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:২৯

সিলেটের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (জেসিপিএসসি) ২০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে কলেজ মাঠে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি, সিলেট এরিয়ার কমান্ডার এবং জেসিপিএসসি’র প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন।

প্রধান অতিথির বক্তব্যে মেজার জেনারেল যুবায়ের সালেহীন বলেন, শুধু পাঠ্যপুস্তক কেন্দ্রিক পড়াশোনা এবং সর্বোচ্চ জিপিএ পাওয়াই জীবনের লক্ষ্য নয়; পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে আত্মশক্তি অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করা, অন্তরকে বিকশিত করা।

তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন সৃষ্টিশীল ও দক্ষ প্রজন্ম তৈরি করা। শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমেই মানবিক গুণাবলি সম্পন্ন সুশৃঙ্খল, সৃষ্টিশীল ও দক্ষ প্রজন্ম তৈরি করা সম্ভব।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিপিএসসি’র অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল সোহেল উদ্দিন পাঠান। প্রধান অতিথিকে ক্যাডেট সার্জেন্ট মো. সাব্বির হোসেন রিফাতের নেতৃত্বে বিএনসিসি’র একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। বিভিন্ন হাউজ ও দল কলেজ প্রিফেক্ট ও প্যারেড কমান্ডার একাদশ শ্রেণির শিক্ষার্থী কাজী মাহমুদুল হাসিব সামির নেতৃত্বে মার্চপাস্ট অংশ নেয়। প্রায় তিনশত শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আবহমান ঐতিহ্য ও বঙ্গবন্ধু’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।

সমাপনী দিনে বিভিন্ন খেলার ইভেন্টের পাশাপাশি ‘যেমন খুশী তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৩টি ইভেন্টে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পর্যায়ে মোট ১৯৭টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া পুরুষ অভিভাবকরা ‘উল্টো হাঁটা’ ও নারী অভিভাবকরা ‘পিলো পাসিং’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

২০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া নৈপুন্যের জন্য একাদশ শ্রেণির শিক্ষার্থী ইন্দ্রাশীষ রায় (বালক) এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জেসমিন (বালিকা) শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হয়। ২০১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতায় বিজয়ী সুরমা হাউসকে ‘শ্রেষ্ঠ হাউস’ হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি এবং যমুনা হাউসকে রানার্স আপ হাউস হিসেবে পুরস্কার দেওয়া হয়।

গত রোববার জেসিপিএসসি’র পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন।





আরও পড়ুন

×