পটিয়ায় ১৫০ টাকার জন্য যুবক খুন
জসিম উদ্দিন- ফাইল ছবি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ১০:২৬ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ১০:৩৮
চট্টগ্রামের পটিয়া পৌরসদরে ১৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়ি থেকে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে জসিম উদ্দিনকে (২৪) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।
জসিম ওই এলাকার জহির আহমদের ছেলে। পেশায় একজন দিনমজুর।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিদোয়ানুল হক বলেন, ‘যুবকটির বুকে ও কোমরসহ শরীরের বিভিন্ন অঙ্গে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে মারা যায়।’
পটিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান বলেন, ‘ইমন নামের এক যুবকের কাছে জসিম ১৫০ টাকা পায়। এ টাকা পাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইমনের চুরিকাঘাতে জসিম মারা যায়। দুইজনই পেশায় দিনমজুর। তারা দুইজনই বখাটে এবং মাদকাসক্ত যুবক।'
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন সমকালকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরকাঘাতে যুবক খুন হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত ইমন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
