খাস সম্পত্তিতে পুকুর খনন, আ'লীগ নেতার বিরুদ্ধে মামলা
রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ১২:৪৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ১২:৪৬
নওগাঁর রানীনগরে সরকারি এক একর খাস সম্পত্তিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক ওরফে রাজার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রানীনগর থানায় এ মামলা করেন। আবদুর রাজ্জাক আত্রাই উপজেলার মুনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
উপজেলার শেষ সীমানা ও আত্রাই উপজেলার সিমান্তঘেঁষা বড়গাছা ইউনিয়নের ভাদালিয়া গ্রামের দক্ষিণ মাঠে ভাদালিয়া মৌজায় আবদুর রাজ্জাকের বেশ কিছু জমি রয়েছে। নিজ জমির পাশাপাশি এক একর খাস সম্পত্তি দখলে নেন আবদুর রাজ্জাক ওরফে রাজা। এরপর ওই সম্পত্তিতে গত নভেম্বর মাসের শেষদিকে এপক্যাভেটর দিয়ে পুকুর খনন করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে তদন্তের জন্য মৌখিকভাবে নির্দেশ দেন।গত ১ ডিসেম্বর তদন্তে যান ভূমি সহকারী কর্মকর্তা। পরে ৪ ডিসেম্বর সহকারী কমিশনারের কাছে প্রতিবেদন দেন। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী কমিশনারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে রোববার সন্ধ্যায় রানীনগর থানায় মামলা করেন।
সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বলেন, আবদুর রাজ্জাক অবৈধভাবে ওই সম্পত্তিতে অনুপ্রবেশ করে পুকুর খনন করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুকুর খননের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
