ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাবনায় জমির বিরোধে যুবলীগ নেতা খুন

পাবনায় জমির বিরোধে যুবলীগ নেতা খুন
×

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সমকাল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ১১:৩৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ১১:৩৭

জমি সংক্রান্ত বিরোধের জেরে পাবনার চাটমোহরে প্রতিপক্ষের শাবলের আঘাতে আনিসুর রহমান আনিস (৫০) নামে স্থানীয় যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

নিহত আনিস উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

আহতরা হলেন-প্রভাকরপাড়া গ্রামের আসলাম হোসেন, মনসের আলী, নাহিদ ইসলাম, জাকিরুল ইসলাম ও আয়নুল হক। গুরুতর আহত জাকিরুলকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাকরপাড়া গ্রামের আনিসুর রহমানের সঙ্গে আয়নাল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সে জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার সকালে সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজন আনিসুর রহমানকে মাথায় শাবল দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হন। পরে আনিসসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×