ভোলায় নতুন কূপে গ্যাস মিলেছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ | ০৫:৫৮
ভোলা নর্থ-২ কূপে গ্যাস পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন ভোলা-নর্থ গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ভোলা নর্থ-১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া যায়। গত নভেম্বরে ভোলার টবগী-১ কূপে গ্যাস পাওয়া যায়।
বাপেক্সের তত্ত্বাবধানে ভোলা নর্থ-২ কূপটি খনন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ৫ ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়। ৩ হাজার ৪২৮ মিটার পর্যন্ত কূপ খনন কার্যক্রম শেষ হয় ১৭ জানুয়ারি। গতকাল সোমবার পরীক্ষার মাধ্যমে (ডিএসটি) কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। এই কূপ থেকে দিনে দুই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।
চাহিদা না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস তোলা হচ্ছে না। তবে জ্বালানি সংকটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ।
ভোলার দুই গ্যাসক্ষেত্র শাহবাজপুর ও ভোলা নর্থে দুই থেকে আড়াই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে। বর্তমানে শাহবাজপুর থেকে দিনে ৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিকল্পনা অনুসারে চালাতে হবে। ২০২২-২৫ সময়কালের মধ্যে পেট্রোবাংলা মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা নিয়েছে। স্থলে ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর সঙ্গে সঙ্গে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনেইসহ গ্যাস ও তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
- বিষয় :
- ভোলা নর্থ-২ কূপ
- বাপেক্স
- গ্যাসক্ষেত্র
