ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভোটের দিন অর্ধবেলা অফিস গাড়িও চলবে: সিইসি

ভোটের দিন অর্ধবেলা অফিস গাড়িও চলবে: সিইসি
×

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কে এম নুরুল হুদা- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৩:৫৬ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০৮:৪৮

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দিনে দুপুর ১২টা পর্যন্ত অফিস-আদালত ও কল-কারখানা খোলা থাকবে। সীমিত আকারে যানও চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, 'ভোটের দিন যান চলাচল বন্ধ থাকলে দূর-দূরান্ত থেকে অনেক ভোটার কেন্দ্রে যেতে পারেন না। নানা সমস্যায় পড়তে হয় তাদের। বিষয়টি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।'

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চসিক নির্বাচন নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি। প্রচলিত বিধি ভেঙে এবারই প্রথম এ ধরনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ইসি)। ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি নির্বাচনে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে কমিশন।

করোনা নিয়ে সিইসি কে এম নূরুল হুদা বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, নির্বাচন পিছিয়ে দিতে হবে। এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে, তাতে জাতীয় পর্যায়ে কোনো দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়নি। যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেটা অবশ্যই দেখবে কমিশন।

সিইসি বলেন, 'নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথম যে অভিযোগটি পাই সেটা হলো, পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে যেতে পারেন না। তাদের বের করে দেওয়া হয়। কেন্দ্রে যেতে না দেওয়া কিংবা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগগুলো যাচাই-বাছাই করে আমরা দেখি, অধিকাংশ কেন্দ্রে এজেন্টই যাননি। আমার প্রশ্ন- কেন্দ্রে যদি এজেন্টই না যান, তাহলে তো কাউকে বের করে দেওয়ার প্রশ্নই ওঠে না। এ ক্ষেত্রে আমাদেরও কিছু করার থাকে না।'

তিনি আরও বলেন, পোলিং এজেন্ট হচ্ছেন প্রার্থীর সবচেয়ে নির্ভরশীল ব্যক্তি। ভোটের দিন বুথে কোনো অনিয়ম হলে প্রতিরোধের ক্ষমতা তাদের দেওয়া থাকে। ভোটের দিন প্রার্থীর এজেন্টদের নিজ দায়িতে ভোটকেন্দ্রে যেতে হবে। কেন্দ্রে ঢোকার পর কেউ যেন এজেন্টদের বের করে না দেয়, সেটি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুই বছরে এমন একটা অভিযোগও নেই- কোনো এজেন্ট কমিশনকে বলেছেন, তিনি ভেতরে ঢোকার পর বের করে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন খানসহ নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×