ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

টঙ্গীতে রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের উদ্বোধন

টঙ্গীতে রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের উদ্বোধন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৭:৩৯

অবশেষে পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে টঙ্গীর কাঠালদিয়া মৌজায় নির্মাণ করা হচ্ছে অস্থায়ী রাসায়ানিক গুদাম।

শনিবার টঙ্গীর কাঠালদিয়ায় এই রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়। অপেক্ষাকৃত কম জনঘনত্বপুর্ণ এলাকায় এই রাসায়নিক গুদাম নির্মাণ করা হচ্ছে।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই প্রকল্প উদ্বোধন করেন। শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- প্রকল্প পরিচালক মনিরুজ্জামান খান, বিএসইসি'র চেয়ারম্যান রইছ উদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাময়িকভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর স্থায়ী সমাধানের জন্য মুন্সিগঞ্জে বিসিক কেমিক্যাল শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, এ শিল্প নগরী স্থাপনের পরপরই অস্থায়ী গুদাম থেকে রাসায়ানিক দ্রব্যের ব্যবসায়ীদেরকে স্থায়ীভাবে সরিয়ে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে। তখন কাঠালদিয়ার এই অস্থায়ী গুদাম ও স্থাপনা বিএসইসি'র অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড ব্যবহার করবে। এ প্রকল্প বাস্তকবায়নের ফলে ঢাকাবাসীর নিরাপত্তাও নিশ্চিত হবে।

মন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে গাজীপুর জেলায় টঙ্গীর কাঠালদিয়া মৌজায় বিএসইসি'র নিজস্ব ৬ একর জায়গার ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৯১ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার। চলতি বছর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। প্রকল্প এলাকায় ৫৩টি অস্থায়ী গুদাম, ভূমি উন্নয়ন মাটি ভরাট, ১ লাখ গ্যালন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ওভারহেড ও একটি আন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক নির্মাণ, বৈদ্যুতিক সাবস্টেশন, ট্রান্সফরমার, জেনারেটর, ফায়ার হাইড্র্যানন্টসহ স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হবে। সংযোগ রাস্তার আরসিসি ড্রেন ও সীমানা প্রাচীর নির্মাণসহ আনুসঙ্গিক কাজ করা হবে।

তিনি জানান, প্রকল্প এলাকার ভবনের দূরত্ব ও নিরাপত্তা এমনভাবে নিশ্চিত করা হয়েছে যদি কোনো কারণে একটি ভবনে আগুন লাগে তা পাশের ভবনে ছড়িয়ে যেতে ছয় ঘন্টা সময় পাওয়া যাবে। অথাৎ এ সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা অনেকাংশেই সম্ভব।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় রাসায়নিক কেমিক্যাল গুদাম আমাদের অনেক মানুষের জীবন বিপন্ন করেছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে কেমিক্যাল গুদাম অপেক্ষাকৃত কম ঘনবসতি এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এখানে অস্থায়ী ভিত্তিতে কেমিক্যাল গুদাম নির্মাণ করা হবে। যেহেতু মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার কেমিক্যাল পল্লীর কাজ শেষ হতে অনেক সময় লাগবে। এ কারণে আপাতত আর যাতে নিমতলীয় ঘঠনা না ঘটে সেজন্য প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্তদের যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়ে কামাল আহমেদ মজুমদার বলেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যারা ঢাকা ছেড়ে গ্রামমুখি হবে তাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।

নির্মাণ প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এখানে রাসায়নিক গুদাম নির্মাণ করা হচ্ছে। তাই সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই প্রকল্প যেন কোনোভাবেই ঝুঁকির কারণ না হয়।

আরও পড়ুন

×