ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের
×

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৯:৩৩

বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত ও ২৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। তাদের মধ্যে একজন শিশু, তিনজন নারী, দু'জন পুরুষ রয়েছে। 

নিহতদের মধ্যে মাদারীপুরের শানের বাজার গ্রামের লিয়াকত শেখের শিশুকন্যা রাফিজা আক্তার (৪) ও ইসলামী ব্যাংক ঢাকা শাখার কর্মকর্তা আব্বাস উদ্দিনের (৪৫) নাম জানা গেছে।

আহতদের মধ্যে ১৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রডবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসের সামনের ও জানালার গ্লাসসহ ডান পাশ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রাকটির সামনের দিকও দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন এবং খুমেক হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

ফকিরহাট থানার ওসি আবু সাইদ খায়রুল আনাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক ও বাসটি সড়কের উপরে থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাটাখালি হাইওয়ে থানা এবং ফকিরহাট থানা পুলিশ ঘণ্টাখানেক চেষ্টা করে যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন

×