ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেল ৪ মাদ্রাসাছাত্রের

মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেল ৪ মাদ্রাসাছাত্রের
×

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০০:৩৭ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ০০:৪৩

নওগাঁয় একটি মাহফিল শেষে বাসে ঢাকায় ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে চার মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কাশেম মোড় এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে শনিবার রাত আড়াইটার দিকের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

নিহতরা হলেন- ঢাকার উত্তর বেগুনবাড়ি ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত (২৪), মো. ইলিয়াস হোসেন (২৪), মো. খালেদ মাহমুদ (১৯), মো. ইমরান হোসেন (১৪)। এদের মধে ইমরান ও খালেদ ঘটনাস্থলে, ইয়াসিন সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এবং ইলিয়াস ঢাকায় নেওয়ার পথে মারা যান।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, নাটোরের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার মাহফিলে যোগদান ও শিক্ষা সফর শেষে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের বহনকারী উত্তরা পরিবহনের একটি বাস ঢাকায় ফিরছিল। পথে রাত আড়্ইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কাশেম মোড় এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসে থাকা দুজন নিহত হয়। আহত হয় অন্তত ১২ জন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ছাড়া  ঢাকায় নেওয়ার পথে মারা যান আরেকজন।

দুর্ঘটনার পরপরই উভয় যানবাহনের চালক ও হেলপার পালিয়ে যায় বলেও জানান ওসি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, হাসপাতাল মর্গে ৩ জনের লাশ রয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×