ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

১৫ বছর ধরে শিক্ষকদের দখলে ছাত্রাবাস

১৫ বছর ধরে শিক্ষকদের দখলে ছাত্রাবাস
×

পুরো ছাত্রাবাসটি দখল করে রেখেছেন কয়েকজন শিক্ষক -সমকাল

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৪:০৪

শিক্ষকদের আবাসনের জন্য ডরমেটরি থাকলেও লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজের ছাত্রাবাসটি গত ১৫ বছর ধরে দখল করে রেখেছেন শিক্ষকরা। এতে দূরদুরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের থাকতে হচ্ছে মেস কিংবা স্বজনদের বাড়িতে। আবেদন করেও ছাত্রাবাসে থাকার অনুমতি পাচ্ছেন না তারা। 

অন্যদিকে শিক্ষকদের বেতনের সঙ্গে প্রতিমাসেই বাড়ি ভাড়া দিচ্ছে সরকার। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 

জানা গেছে, ১৯৯৭ সালে ছাত্রাবাসটি প্রতিষ্ঠিত হওয়ার পর কয়েকবছর এখানে থাকার সুযোগ পেয়েছেন ছাত্ররা। ২০০৫ সাল থেকে তাদের থাকতে দেওয়া হচ্ছে না। প্রায় পনের বছর ধরে এ ছাত্রাবাসে ছাত্রদের ঠাঁই হয়নি। থাকছেন ১০/১২ জন শিক্ষক। ব্যবহারের উপযোগী নয় অযুহাতে ছাত্রদের থাকতে না দিলেও শিক্ষকরা থাকছেন। বর্তমানে কলেজটিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী রয়েছে। স্থানীয় ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা চাটখিল, হাজিগঞ্জ, ফরিদগঞ্জ, রায়পুর, শাহরাস্তি ও লক্ষ্মীপুরের ছাত্ররা এ কলেজে পড়ালেখা করছেন।

কয়েকজন ছাত্র জানায়, কলেজ ছাত্রাবাসে থাকার সুযোগ না থাকায় প্রতিদিন বাড়ি থেকে আসা যাওয়া করতে হয়। অনেক সময় পরিবহন সমস্যার কারণে যথা সময়ে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হয় না। বিভিন্ন সময় অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেও কোন ফল পাননি তারা।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, আবাসান থাকলেও ছাত্রদের বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্রদের মেস কিংবা বাসা ভাড়া করা কষ্টসাধ্য। তাদের কথা চিন্তা করে অধ্যক্ষের কাছে আবেদন করেও ছাত্রদের ছাত্রাবাসে থাকার ব্যবস্থা করা যায়নি। 

কলেজটির সাবেক ছাত্র নুরন নবী গাজী জানান, উপজেলার বাইরে থেকে আসা ছাত্ররা ছাত্রাবাসে থাকতে না পারায় বিপাকে পড়তে হচ্ছে। এতে তাদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নসহ নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। 

ছাত্রাবাসে থাকছেন এমন কয়েকজন শিক্ষক জানান, ছাত্রাবাসটি ব্যবহারের উপযোগী নয়। আবার শিক্ষকদের জন্য নির্ধারিত ডারমেটরি ব্যবহারের অনুপযোগী হওয়ায় সেই ছাত্রবাসেই থাকছেন তারা। 

শিক্ষক পরিষদের সম্পাদক মো. শামছুল আলম বলেন, সন্ধ্যা নামলেই ক্যাম্পাসটি মাদকসেবীদের স্বর্গরাজ্যে পরিণত হয়। তাই ক্যাম্পাসটি নিরাপদ রাখতে কষ্ট হলেও ছাত্রাবাসে থাকতে হচ্ছে শিক্ষকদের। 

অধ্যক্ষ প্রফেসর উমেশ চন্দ্র লোধ বলেন, ছাত্রাবাসটি শিক্ষার্থীদের থাকার উপযোগী নয়। এখানে প্রয়োজনীয় লোকবলের অভাব রয়েছে। শিক্ষকদের ডরমেটরি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ছাত্রাবাসটির কয়েকটি কক্ষ সংস্কার করে ব্যবহার করছেন শিক্ষকরা। 

আরও পড়ুন

×