কক্সবাজারে বিদেশফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে
কক্সবাজার অফিস
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৪:৫১ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০৪:৫৯
বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত ৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বিদেশ থেকে ফেরার পর তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এখন পর্যন্ত তাদের নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘বিদেশফেরত এই তিনজনকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তারা সার্বক্ষণিক নজরদারিতে আছে। শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই, এটি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে। আশা করি, তাদের রক্ত পরীক্ষার প্রয়োজন হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা বিমান বন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা রেখেছি। কোনো যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে স্ক্রিনিংয়ে ধরা পড়বে। আক্রান্ত দেশ থেকে যারা এসেছে বা আসবে তাদের হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে পালন করা হবে। এ ব্যাপারে গাফিলতি করার কোনো সুযোগ নেই।’
এদিকে কক্সবাজারের সব হোটেল মালিকদের নিয়ে সভা করেছেন জেলা প্রশাসন। সভায় করোনাভাইরাস নিয়ে সতর্ক থাকার জন্য হোটেল-মোটেল মালিকদের বলা হয়েছে।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, বিদেশি কোনো অতিথি হোটেলে অবস্থান করলে তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কিছু তথ্য নিতে বলা হয়েছে। প্রয়োজনে স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিতে বলা হয়েছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- কক্সবাজার
