ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাদারীপুরের ২ জন ঢাকায় আইসোলেশনে, বাড়িতে কোয়ারেন্টাইনে ২১২

মাদারীপুরের ২ জন ঢাকায় আইসোলেশনে, বাড়িতে কোয়ারেন্টাইনে ২১২
×

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৬:০৮ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ১১:২৯

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সম্প্রতি ইতালিসহ বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দুই শতাধিক ব্যক্তি মাদারীপুরে গ্রামের বাড়িতে এসেছেন। তাদের মধ্যে দু'জনের শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় তাদের ঢাকার আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া জেলায় মোট ২১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মাদারীপুর জেলায় নতুন করে ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৭৬ জন।  এছাড়া গত এক মাসে যারা ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে এসেছে তাদের তথ্য সংগ্রহ করতে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ ফেরতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে নির্দেশ অমান্য করবে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিভিল সার্জন। হাঁচি-কাশি দেওয়ার সময় নিয়ম মেনে চলা, প্রয়োজন ছাড়া জনসমাগমে না যাওয়া  এবং আতঙ্কিত না হওয়ার অুনরোধ জানিয়েছেন তিনি। 

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে একশ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি বেড এবং চারটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।


আরও পড়ুন

×