বিদেশফেরত ব্যক্তিদের বাড়ির সামনে লাল পতাকা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৫:২৯
মাগুরার সদর উপজেলায় বিদেশফেরত ব্যক্তিদের বাড়ির সামনে লাল পতাকা টানানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসণ। শনিবার উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিদেশফেরত ব্যক্তিরা করোনাভাইরাস ছড়ানোর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপুর্ণ। কিন্তু বিদেশ থেকে ফিরে অধিকাংশ ব্যক্তিই হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরা করছেন। তিনি বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে এই ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে গত ৭ দিনের মধ্যে যারা বিদেশ থেকে বড়ি ফিরেছেন তাদের খোঁজ নিচ্ছি আমরা। তিনি জানান, প্রথম দিন ২২ জনের খোঁজ পেয়েছেন তারা। এদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশফেরত এসব ব্যক্তির বাড়ি সামনে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে যাতে এলাকাবাসীর পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, স্থানীয় সরকারসহ দায়িত্বরত সংশ্লিষ্ট সব বিভাগের নজরদারি থাকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, প্রতিটি গ্রামে-গ্রামে তল্লাশি চালিয়ে বিদেশফেরতদের চিহ্নিত করে তাদের নাম -ঠিকানা তালিকাভুক্ত করছেন তারা। একইভাবে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছেন। কেউ হোম কোয়ারেন্টাইন না মানলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।
- বিষয় :
- সারাদেশ
- খুলনা
- করোনাভাইরাস
