ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

শিশুর শরীর গরম দুধে ঝলসে দিল চা দোকানি

শিশুর শরীর গরম দুধে ঝলসে দিল চা দোকানি
×

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৮:৫৭

রাজারহাটে চা দোকানির ঢেলে দেওয়া গরম দুধে ঝলসে গেছে ওই দোকানের শিশু কর্মচারীর শরীর। এ ঘটনায় আটক চা দোকানি আতিক মিয়াকে শনিবার পুলিশ জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশিম বাজারের চা দোকানি আতিক মিয়ার দোকানে প্রতি শুক্রবার সামান্য কয়েকটি টাকার বিনিময়ে কাজ করত পাশের মুসরত নাখেন্দা গ্রামের হতদরিদ্র ফুলবাবুর শিশুপুত্র নুরনবী (১০)। সে একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

শুক্রবার দুপুরে ওই দোকানের মালিক আতিক মিয়া শিশুটিকে দ্রুত চা তৈরি করে দিতে বলে। শিশুটি কিছুটা দেরি করায় সে রেগে গিয়ে শিশুটির শরীরে গরম দুধ ঢেলে দেয়। এতে তার ঘাড়, পিঠ ও নিম্নাংশ ঝলসে যায়। পরে শিশুটির অভিভাবকরা তাকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করেন। 

এ সময় লোকজন রাজারহাট থানায় খবর দিলে পুলিশ আতিক মিয়াকে আটক করে। পরে শুক্রবার রাতে নুরনবীর বাবা ফুলবাবু বাদী হয়ে রাজারহাট থানায় মামলা করেন। আটক চা দোকানি আতিক মিয়া ওই ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×