ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় নিহত মাদ্রাসাছাত্র

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় নিহত মাদ্রাসাছাত্র
×

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৯:২৪

মাথায় গামছা দিয়ে রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন আতিকুর রহমান (২০) নামে এক মাদ্রাসাছাত্র। 

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেলপথের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালুপর ইউনিয়নের খালপাড়ি এলাকায়। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। জামালপুর ইউনিয়নের খালপাড়ি মাদ্রাসার ছাত্র ছিলেন তিনি।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, গোপালগঞ্জের গোবড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের খালপাড়ি এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।

রাজবাড়ী জিআরপি থানার এসআই মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে ট্রেন আসার শেষ মুহূর্তে উঠে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×