পাঁচ মাসের শিশুকে নিয়ে বিপাকে পুলিশ
প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৯:৩৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে শুক্রবার বিকেল থেকে পাঁচ মাস বয়সের এক শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন পুলিশ ও এলাকাবাসী।
জানা গেছে, আশুলিয়া থানার কবিরপুর এলাকার রাজু মিয়ার স্ত্রী রুমানা শুক্রবার বিকেলে সফিপুর বাজারের দর্জি দোকানদার মতিনের কাছে শিশুটি রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে থেকে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ বাচ্চাটি উদ্ধার করলেও রুমানার খোঁজ না পাওয়ায় বিপাকে পড়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নওগাঁ জেলার সদর থানার সইলকুপা এলাকার জিয়ার আলীর ছেলে মতিন মিয়া বেশ কয়েক বছর আগে স্ত্রী মিথি ও এক বোন রুমিকে নিয়ে সফিপুরে এসে লিটনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি নেয়। চাকরির সুবাদে আশুলিয়া থানার কবিরপুর এলাকার রাজু মিয়ার স্ত্রী রুমানার সঙ্গে তার পরিচয় হয়। রুমানাও মতিনের সঙ্গে চাকরি করতেন। কিছুদিন পর মতিন চাকরি ছেড়ে দিয়ে সফিপুর বাজারে দুরন্ত টেইলার্সে কাজ শুরু করেন। রুমানার সঙ্গে তার দীর্ঘদিন যোগাযোগ বন্ধ ছিল। হঠাৎ শুক্রবার বিকেল ৩টার দিকে কবিরপুর থেকে সফিপুরে রাজুর স্ত্রী রুমানা ওই শিশু বাচ্চা নিয়ে মতিনের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় রুমানা বাচ্চাটিকে মতিনের কাছে রেখে পালিয়ে যায়। পরে শিশু বাচ্চা নিয়ে মতিন অনেকক্ষণ বসে থেকে এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ রুমানা ও তার স্বামী রাজুকে খবর দিলেও তারা কল রিসিভড করেনি বা আসেনি।
মতিনের বোন রুমি বলেন, ‘আমার ভাই মতিনের স্ত্রী ও এক ছেলে রয়েছে। চাকরির সুবাদে রুমানার সঙ্গে তার পরিচয় হয়েছিল। কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের কোলে শিশুটিকে দিয়ে কেন সে চলে গেল বুঝতে পারছি না। এখন ফোনও ধরে না, কোন যোগাযোগও করছে না।’
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, ওই শিশুটিকে কেন তার মা অন্যের কাছে রেখে গেছে তা জানা যায়নি। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
- বিষয় :
- গাজীপুর
- কালিয়াকৈর
- সফিপুর বাজার
- শিশু
