'হোম কোয়ারেন্টাইনে' থাকা ইতালি প্রবাসী সড়ক দুর্ঘটনায় আহত
রিপন দপ্তরি
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৯:৪৬
গত ৯ মার্চ ইতালি থেকে দেশে ফিরেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার দিনারা গ্রামের রিপন দপ্তরি নামে এক প্রবাসী। প্রশাসন তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছিল। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে বেরিয়েছেন।
শুক্রবার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন রিপন।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তীর উপায় বলেন, আমি এমন খবর শুনে ইউনিয়নের চেয়ারম্যানকে তদন্ত করে বিষয়টি জানতে চেয়েছি। রিপন দপ্তরি শুক্রবার সকাল পর্যন্ত বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। ঘটনাটি তদন্ত করে দেখব।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আমি এরকম কোনো ঘটনা শুনিনি। আমি কিছু জানিনা।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৮৩৮ জন শরীয়তপুরে এসেছেন। হোম কোয়ারেন্টাইনে না থাকায় ইতোমধ্যে শরীয়তপুরে বিদেশফেরত ৫ প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
