ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সাভারে নারী শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার

সাভারে নারী শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ১০:৪১

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীর তালাবদ্ধ কক্ষ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আশুলিয়ার তৈয়বপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজী জিল্লুর রহমানের মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ওই নারী শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে নিহতের স্বামী পরিচয়দানকারী শরিফুল ইসলাম পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ। নিহত নারী শ্রমিকের নাম শাহিনা খাতুন (২৫)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরসাদীপুর গ্রামের নওশাদ আলীর মেয়ে। তিনি আশুলিয়ার জিরাব এলাকার ফাইভ এফ এ্যাপারেলস লিমিডেট নামক একটি তৈরী পোশাক কারখানায় চাকরি করতেন। এছাড়া পলাতক শরিফুল ইসলাম নামে নিহতের স্বামী পরিচয়দানকারী ব্যক্তি কুষ্টিয়া জেলার আলমডাঙ্গা থানার বড় গাংচিল এলাকার মইনুল হকের ছেলে বলে জানা গেছে।

বাড়ির মালিক জিল্লুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম জানান, গত ১ মার্চ তরুণী শাহিনা খাতুন ও তার সঙ্গে আসা শরিফুল ইসলাম নামে এক যুবক নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তাদের শ্রমিক কলোনীর একটি কক্ষ ভাড়া নেয়। এরপর শুক্রবার ছুটির দিন সকাল থেকে তাদের কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে শনিবার সকালে কক্ষের ভিতর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে কক্ষের ভিতর থেকে ওই তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, ভাড়াকৃত কক্ষের তালা ভেঙ্গে শাহিনা নামে এক নারী শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই নারী শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী পরিচয়দানকারী যুবক শরিফুল পালিয়ে গেছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় থানায় একটি মামলা  হয়েছে। পলাতক স্বামী পরিচয়দানকারী শরিফুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

আরও পড়ুন

×