কুড়িগ্রামে আরও ৯০ জন হোম কোয়ারেন্টাইনে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ২২:৪২
কুড়িগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ভারত থেকে এসেছেন ৬৭ জন। অবশিষ্টরা কাতার, ওমান, আরব আমিরাত, সিঙ্গাপুর, কঙ্গো, সুদান, মালেশিয়া, থাইল্যান্ড ও কোরিয়া থেকে দেশে ফিরেছেন। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ১৬৯ জন।
নতুন করে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা ৯০ জনের মধ্যে সদরে ৯ জন, ভূরুঙ্গামারীতে ৯ জন, উলিপুরে ৪ জন, নাগেশ্বরীতে ১৬ জন, ফুলবাড়ীতে ২১ জন, রাজারহাটে ১৩ জন, রাজিবপুরে ৭ জন ও চিলমারীতে ১১ জনকে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও জানান, করোনাভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে করোনাভাইরাস বিষয়ে সতর্কতামূলক বার্তা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
