ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন
×

ছবি: সমকাল/মো. রাশেদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৫:০২ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১৫:০২

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বন্দর রক্ষা কমিটির নেতারা। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন- বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ প্রমূখ।  

বন্দর রক্ষা কমিটির নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। ফলে এই বন্দরের মালিকানা, নিয়ন্ত্রণ ও পরিচালনার বিষয়টি শুধু বাণিজ্যিক নয়, বরং জাতীয় অর্থনীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত। অথচ এরপরও বন্দরের এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে, বিশেষ করে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

নেতাদের দাবি, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই অবিলম্বে এই উদ্যোগ বন্ধ করতে হবে। 

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশেষ সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামোর আওতায় এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই লক্ষ্যে গঠিত নেগোসিয়েশন কমিটিকে সহায়তা দিতে বন্দর কর্তৃপক্ষ ১২ সদস্যবিশিষ্ট একটি সাপোর্ট টিমও গঠন করেছে। সিসিটি দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। একইভাবে নিউমুরিং কনটেইনার টার্মিনালও দেশের জনগণের অর্থে নির্মিত জাতীয় সম্পদ। এসব স্থাপনায় নতুন করে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজনীয়তা নেই।

তারা দাবি করেন, এনসিটির বার্ষিক অবকাঠামোগত সক্ষমতা ১১ লাখ টিইইউস হলেও বর্তমানে বছরে প্রায় ১৩ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডল করা হচ্ছে। চলতি বছরের মে মাসে এনসিটি এক মাসে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডল করে নতুন রেকর্ডও করেছে। এর পরিপ্রেক্ষিতে এটা সহজেই বলা যাচ্ছে যে, দেশীয় ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে এনসিটি। এরপরও বিদেশি প্রতিষ্ঠানের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে, যা কোনোভাবে মেনে নেবে না চট্টগ্রামবাসীসহ কেউই। 

আরও পড়ুন

×