ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

মাথায় গোলপোস্ট পড়ে গুরুতর আহত, ৪ দিন পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মাথায় গোলপোস্ট পড়ে গুরুতর আহত, ৪ দিন পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
×

নিহত এনায়েত উল্লাহ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৫:০১ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১৫:৩৭

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় টার্ফ ফুটবল মাঠে মাথায় গোলপোস্ট পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর এনায়েত উল্লাহ (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত এনায়েত সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার দর্জি বাদশা আলমের ছেলে।

জানা যায়, গত শুক্রবার সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার সময় সে নিজের গায়ের শার্ট খুলে গোলপোস্টের ওপর রাখে। খেলা শেষে শার্টটি নিতে গেলে গোলপোস্টটি তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে আর্থিক সংকটের কারণে সেখান থেকে আবার তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, এনায়েত তাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, বুধবার আসরের নামাজের পর জানাজা শেষে এনায়েতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
 

আরও পড়ুন

×