বাংলাদেশ থাকা ১৫০ শিক্ষার্থীকে দেশে ফিরতে দিচ্ছে না ভারত
বেনাপোলে অবস্থান করা শিক্ষার্থীরা- সমকাল
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৭:২৮
ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে সে দেশে ঢুকতে পারেননি বাংলাদেশে অবস্থান করা কাশ্মিরের ১৫০ শিক্ষার্থী।
বেনাপোল চেকপোষ্টে তাদের আটকে দেওয়া হয় মঙ্গলবার। বিকেল সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এসব শিক্ষার্থীদের প্যাসেঞ্জার টার্মিনালের বারান্দায় বসে ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীরা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল চেকপোষ্ট আসেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেয় ওসব নাগরিককে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। এ কারণে বেনাপোল ইমিগ্রেশন তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি বা পাসপোর্টে সিল মারছেন না। ১৫০ জন ভারতীয় নাগরিক আটকে আছেন বেনাপোল চেকপোষ্টে।
আটকে থাকা ভারতীয় নাগরিক ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ওয়াসিম জানান, সেখানে অবস্থান করা তাদের সবাই ভারতের নাগরিক। লেখাপড়া করেন বাংলাদেশের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তারা নিজ দেশ ভারতের কাশ্মিরে ফিরে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। কিন্তু কি কারণে দেশে প্রবেশ করতে পারছেন না তার জানেন না। কেউ তাদেরকে কিছু বলছেন না।
আটকে থাকা ভারতীয় ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ফেজান বলেন, বাংলাদেশ সরকার কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে। করোনাভাইরাস আতঙ্কে দেশে ফিরে যাওয়ার জন্য এসেছিলাম। ভারতীয় ইমিগ্রেশন আমাদের দেশে প্রবেশ করতে দেবে না বেনাপোল ইমিগ্রেশন পুলিশকে জানিয়েছে। সারা দিন আমরা এখানে বসে আছি। ভারত সরকারের কাছে অনুরোধ আমাদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ঢাকা মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী ভারতের নাগরিক নিজ দেশে ফিরে যাওয়ার জন্য এসেছিল। পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত নিতে চাচ্ছে না। পেট্রাপোল ইমিগ্রেশন তাদের ভারতে প্রবেশ করতে না দিলে আমরা কিভাবে তাদের পাসপোটের কার্যক্রম সম্পন্ন করব।
