করোনা সন্দেহে রামেকের নার্সকে ঢাকায় স্থানান্তর
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ০৫:০১
করোনাভাইরাসের উপসর্গ থাকায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন নার্সকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি কুর্মিটলা হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২১ মার্চ থেকে তাকে রাজশাহীতে স্থাপিত সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিল। তবে সরঞ্জাম না থাকার কারণে চিকিৎসকেরা তার পরীক্ষা করতে পারেননি। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, ঢাকা থেকে বাসে ফেরার সময় তার পাশের সিটে ইতালিফেরত এক প্রবাসী সহযাত্রী ছিলেন। রাজশাহীতে ফিরেই তার জ্বর আসে। করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে তিনি বিষয়টি চিকিৎসকদের জানান। এরপর তাকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়। পরে তিনি নিজের ইচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। পরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) যোগাযোগ করে রাতে তাকে ঢাকায় পাঠানো হয়।
ওই নার্সের বাড়ি নাটোর সদরে। তিনি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করেন। তার স্বামী জানান, তাকে কুর্মিটলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে। তবে দুপুর ২টা পর্যন্ত তার নমুনা সংগ্রহ করা হয়নি।
তিনি বলেন, ওর (তার স্ত্রীর) মধ্যে করোনাভাইরাসের সব লক্ষণ আছে জানিয়ে চিকিৎসকদের বার বার পরীক্ষা করতে বলেছে। কিন্তু গত চার দিনেও ওর পরীক্ষার ব্যবস্থা করা হয়নি।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় জেলায় ১৬২ জন প্রবাসী কোয়ারেন্টিনে গেছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯৩ জন। মোট ৫২৮ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৩৫ জন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- রাজশাহী
