শিক্ষিকাকে ছুরিকাঘাতের পর সাবেক স্বামীর আত্মসমর্পণ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১১:৫৮ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ১১:৫৮
ঝালকাঠিতে স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাতের পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। এরপর ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে ওই স্কুলশিক্ষিকার সাবেক স্বামী বলে দাবি করেছেন।
আহত রুনা খানম (৩৫) ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে।
পুলিশের কাছে আত্মসমর্পণ করা আতিকুর রহমানের দাবি, রুনা খানম তার স্ত্রী ছিলেন। গত ২০২১ সালের ১৮ জুলাই তাদের বিয়ে হয়। পরে পারিবারিক কলহের কারণে ২০২২ সালের ১৫ জুন তাদের বিচ্ছেদ হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার কিছু আগে বাসা থেকে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন রুনা। এ সময় ওই শিক্ষিকার পথরোধ করে তার পেটে ও বুকে চাকু দিয়ে আঘাত করে আতিকুর রহমান।
এদিকে ওই শিকিক্ষাকে ছুরিকাঘাতের পরই ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্যের কাছে রক্তমাখা ছুরিসহ আতিকুর আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের সময় আতিকুর রহমান বলেন, আমি হত্যার উদ্দেশে রুনাকে ছুরিকাঘাত করেছি।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আতিককে আটক করে থানায় নিয়ে যায়। শিক্ষিকাকে ছুরিকাঘাতের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. নাসির উদ্দিন সরকার।
এদিকে ছুরিকাঘাতে আহত রুনা খানমকে স্থানীয়দের সহায়তায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।