ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পলিথিনে মোড়ানো ছিল ৮০ মণ জাটকা, ৭ জেলে গ্রেপ্তার

পলিথিনে মোড়ানো ছিল ৮০ মণ জাটকা, ৭ জেলে গ্রেপ্তার
×

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১৬:৫৩

৮০ মণ জাটকাসহ ৭ জেলেকে আটক করেছেন ঢাকার দোহারের কুতুবপুর নৌ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

আজ রোববার সকালে বাহ্রাঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ জেলেকে আদালতে পাঠানো হয়।

গোপনে সংবাদ পেয়ে দুটি ট্রলার থেকে ওই জেলেদের আটক করা হয় বলে জানান কুতুবপুর নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম।

তিনি বলেন, গোপন সূত্রে জানতে পারি যে, মাওয়া সুরেশ্বর থেকে পদ্মা নদী দিয়ে ট্রলার দুটি পাবনার বেড়া বাজারের দিকে যাচ্ছিল। দোহারের বাহ্রাঘাটের কাছে ট্রলার দু'টি আটক করা হয়।

এ সময় ট্রলারে পলিথিন দিয়ে ঢাকা আনুমানিক ৩ হাজার ২০০ কেজি (৮০ মণ) জাটকা জব্দ করা হয়। আটক করা হয় গফুর মণ্ডল, পিয়ার আলী, মো. মান্নান ফকির, বজলু সরদার, শাহীন মণ্ডল, বাদশা মিয়া ও মো. সাইফুলকে। পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁদের।

জব্দ জাটকাগুলো দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলমের উপস্থিতিতে স্থানীয় বাস্তা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, নারায়ণপুর মাদ্রাসা, শিলাকোঠা মাদ্রাসা, আশরাফুল মাদ্রাসা, পূর্ব শিলাকোঠা মাদ্রাসা, বাহ্রা মাদ্রাসা এবং স্থানীয় হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন

×