ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

গুজবে আতঙ্ক, গভীর রাতে একযোগে আজান ও উলুধ্বনি

গুজবে আতঙ্ক, গভীর রাতে একযোগে আজান ও উলুধ্বনি
×

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০১:৪৯

করোনাভাইরাস ও ভূমিকম্পের গুজবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গভীর রাতে মসজিদে আজান এবং সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে উলুধ্বনি দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে আযান ও উলুধ্বনি শুরু হয়, থেমে থেমে রাত ৩টা পর্যন্ত চলে।

পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক এ আজান ও উলুধ্বনির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফোন করে উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে এর সঠিক কারণ জানতে চায়। প্রশাসনের কর্তাব্যক্তিরাও অবাক এ ঘটনায়। এরপর রাত ১২টার দিকে ভূমিকম্প আঘাত হানার গুজবে বিভিন্ন ইউনিয়নের লোকজন ভয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়েন।

বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রামের নিত্তলাল বলেন, আমাদের পাড়ার নারীরা রাত ২টার দিকে পুকুরে স্নান করে এসে প্রতিমার সামনে উলুধ্বনি দিতে থাকেন। মন্দিরে শংখ ও কাঁসার ধ্বনি বাজানো হয়।

এদিকে রাতে নাসিরনগরে বিভিন্ন এলাকায় মসজিদে আজানের পর দলবেঁধে মিছিল করছেন অনেকে। এ চিত্র ছিল উপজেলার সর্বত্র। 

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে সর্তকর্তামূলক বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। এসব পোস্টে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সর্তকতা অবলম্বন  ও সবাইকে নিজ ঘরে থেকে করোনা প্রতিরোধে সহায়তা করতে অনুরোধ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, সরকারিভাবে মসজিদে একযোগে আজান দেওয়ার কোনো নির্দেশনা ছিল না। মানুষ গুজবে আতঙ্কিত হয়ে এসব করেছে।


আরও পড়ুন

×