গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ভাঙ্গার দুই গ্রাম
সংঘর্ষে তরুণ হত্যার ঘটনায় ১১ জনের নামে মামলা
ফাইল ছবি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৫:৪০
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামের বাসিন্দার সংঘর্ষে এক তরুণ হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত সুমন শেখের বাবা মিলন শেখ বাদী হয়ে গত বুধবার রাতে এ মামলা করেন। এতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনকে আসামি করেন তিনি। এদিকে মামলার পর গ্রেপ্তার আতঙ্কে উপজেলার হাসামদিয়া ও আতাদি গ্রামের পুরুষেরা গা-ঢাকা দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নিহত সুমন শেখ ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চার-পাঁচ মাস আগে ওই ইসমাইল মুন্সির ভাগনে
এবাদুলসহ তিন-চারজনকে তুলে নিয়ে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারের নেতৃত্বে পৌরসভার সামনে মারধর করা হয়। পরে সালিশে বিষয়টির মীমাংসা হয়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এবাদুল হাসামদিয়া ব্রিজের কাছে ঘুরতে যান। পুরোনো ঘটনার জেরে তাঁকে আবারও ফয়সালের নেতৃত্বে পেটানো হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি নিয়ে টর্চলাইট জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চলা সংঘর্ষে যানবাহন চলাচল বন্ধ যায়।
সুমন শেখকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
সুমনের মা সামেলা বেগম তাঁর ছেলেকে হত্যার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর ও আইয়ুব মাতুব্বরসহ কয়েকজনকে দায়ী করেন। মিলন শেখের মামলায় প্রধান আসামি করা হয়েছে সজিব মাতুব্বরকে।
দাফন শেষেও বিক্ষোভ
গত বুধবার রাত ৯টার দিকে ভাঙ্গা ঈদগাহ মাঠে সুমন শেখের জানাজা হয়। পরে তাঁকে ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে স্থানীয় লোকজন সুমন হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা পর সেখান থেকে সরে যান তারা। বুধবার বেলা ১১টার দিকেও এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছিলেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নিহত হন। এ ঘটনায় বুধবার রাতে তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার রাতেই আটক ১৭ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
