ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুই নবজাতকের মৃত্যু

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুই নবজাতকের মৃত্যু
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৫:৫৫

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক মা। তবে বিরল এই সন্তানের জন্ম পরিবারের জন্য আনন্দের বদলে উদ্বেগ নিয়ে এসেছে। নির্ধারিত সময়ের প্রায় তিন মাস আগে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছে। বাকি তিনজনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই সন্তানগুলোর জন্ম হয়। পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে ছিল।

শিশুগুলোর বাবা মাহামুদুল হাসান ডলার ফরিদপুর সদর উপজেলার ভবুকদিয়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী চাঁদনী বেগমের বাড়ি নগরকান্দা উপজেলার বড় কাজুলী গ্রামে। দেড় বছর আগে তাদের বিয়ে হয়।

পরিবারের সদস্যরা জানান, গর্ভধারণের পর পরীক্ষায় জানা যায়- চাঁদনী বেগমের গর্ভে পাঁচটি সন্তান রয়েছে। চিকিৎসকের পরামর্শে নিয়মিত চিকিৎসা চলছিল। তবে গর্ভধারণের মাত্র ২৮ সপ্তাহে সন্তানগুলোর জন্ম হওয়ায় জটিলতা দেখা দেয়।

হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, জীবিত তিন নবজাতককে অক্সিজেন দেওয়া হচ্ছে। ইনকিউবেটরের সংকট থাকায় স্বজনেরা কোলে রেখেই তাদের অক্সিজেন দিচ্ছেন।

লেবার ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স মিনতি সরকার বলেন, বিকেল ৪টা ১০ মিনিটে প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরে ৩০ মিনিটের ব্যবধানে পাঁচটি সন্তান জন্ম নেয়। নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ায় নবজাতকদের ওজন মাত্র ৫০০ থেকে ৭০০ গ্রামের মধ্যে। কারও চোখও পুরোপুরি ফোটেনি। এ ছাড়া প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং তার রক্তের প্রয়োজন।

নবজাতক ও শিশু ওয়ার্ডের দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক পৃতিরাজ পাল চৌধুরী বলেন, পাঁচ নবজাতকের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। জীবিত তিন নবজাতকের অবস্থাও সংকটাপন্ন। তাদের বিশেষায়িত নবজাতক পরিচর্যার প্রয়োজন, যা হাসপাতালে পর্যাপ্ত নেই। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকেরা জানান, অতি কম ওজন ও অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় নবজাতকদের জটিলতা দেখা দিয়েছে।

আরও পড়ুন

×