গভীর রাতে হতদরিদ্রের ঘরে খাবার পৌঁছে দিলেন ডিসি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০১:১৪
চার দিন ধরে কাজ বন্ধ মর্জিনা বেগমের। জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তার মতোই দুরাবস্থা ওই ইউনিয়নের শতাধিক দিনমজুরের। খেয়ে না খেয়ে দিন পার করা এই মানুষগুলোর ঘরে চাল, ডাল, তেল, আলুসহ খাবার সামগ্রী পৌঁছে দিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
শনিবার রাত সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত। এ সময় বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুইশ হতদরিদ্র, অসহায়, শ্রমিক ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৪ হাজার মানুষ এই খাদ্য সহায়তা পাবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। দিনের বেলা নির্দিষ্ট কোনো স্থানে খাবার দিলে মানুষের ভিড় জমে যায়। এটা করোনো ভাইরাসের জন্য বিপদজনক। জনসমাগম এড়াতে ঘরে ঘরে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমরাই দরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেব।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বটিয়াঘাটা উপজেলা আশরাফুল আলম খান।
- বিষয় :
- খুলনা
- খুলনার জেলা প্রশাসক
- ত্রাণ বিতরণ
