সিলেটে রাস্তায় জ্ঞান হারিয়ে পড়া ফিনল্যান্ডের নাগরিকের শরীরে করোনা নেই
সিলেটের নয়াসড়ক পয়েন্টে জ্ঞান হারিয়ে এভাবে রাস্তায় পড়ে ছিলেন ফিনল্যান্ডের নাগরিক আর্ক
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০২:২২
সিলেটে হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাওয়া ফিনল্যান্ডের নাগরিক আর্কের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। এ জন্য রোববার নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিন থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থাও অনেকটা ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি বলেন, ফিনল্যান্ডের নাগরিকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা করোনাভাইরাসের কোনো উপসর্গ পাননি। ফলে তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে আর্ক (৪৫) নামের ফিনল্যান্ডের নাগরিক রাস্তায় পড়ে যান।
কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তী, ওসি মো. সেলিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসকদের বিষয়টি জানালে অ্যাম্বুলেন্সে আর্ককে হাসপাতালে নিয়ে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়।
- বিষয় :
- সিলেট
- করোনাভাইরাস
- ফিনল্যান্ডের নাগরিক
