ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসছে শত শত বাংলাদেশী
এম কামরুজ্জামান, সাতক্ষীরা
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০২:৫৪
করোনাভাইরাস প্রতিরোধে গোটা ভারতেজুড়ে গত ২৪ মার্চ থেকে লকডাউন চলছে। এরইমধ্যে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন ভয়াবহ পরিস্থিতিতেও বাংলাদেশীরা প্রতিদিনই ভারত থেকে বাংলাদেশে বৈধ-অবৈধ পথে প্রবেশ অব্যাহত রেখেছেন।
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ১১৩ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের প্রায় সবার বাড়ি সাতক্ষীরায়। শুক্রবার ভোমরা দিয়ে আগত বাংলাদেশীর সংখ্যা ছিল ৯০ জন। গত ১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত শুধু ভোমরা ইমিগ্রেশন দিয়ে ১ হাজার ৫৩৬ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী সাতক্ষীরায় প্রবেশ করেছেন।
সাতক্ষীরার ভোমরা ইমগ্রেশন ওসি বিশ্বজিৎ সরকার বলেন, ২৭ মার্চ ৯০ জন এবং ২৮ মার্চ ১১৩ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি বলেন, ভারত লকডাউন ঘোষণার পর থেকে আজ পর্যন্ত একজন ভারতীয় পাসপোর্ট যাত্রীকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেদেশের ইমিগ্রেশন এ ব্যাপারে খুবই কঠোর। অথচ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ বন্ধ নেই। তিনি বলেন, আমরা প্রতিদিনই প্রতিটি থানায় আগতদের তালিকা পাঠাচ্ছি। তারা যাতে ১৪ দিন হোম করেয়েন্টাইনে থাকে সে ব্যাপারে নির্দেশনা প্রদান করা হচ্ছে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম উদ্বেগ প্রকাশ করে বলেন, যারাই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে তাদের আর হোম কয়ারেন্টাইনে পাঠালে হবে না। সরকারি ব্যবস্থাপনায় তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পর বাড়িতে পাঠাতে হবে। এটা করতে প্রশাসন ব্যর্থ হলে সাতক্ষীরাবাসীর জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- ভোমরা ইমিগ্রেশন
