ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাগুরায় ৪শ’ পরিবারকে ৪০ টন চাল ও ৫ লাখ টাকার নিত্যপণ্য বিতরণ

‘বস্তার মধ্যি চাল, ডাল, তেল, নুন সবই আছে’

‘বস্তার মধ্যি চাল, ডাল, তেল, নুন সবই আছে’
×

মাগুরার চার উপজেলায় শনিবার নিম্ন আয়ের মানুষদের মধ্যে চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয় - সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৩:০৯

‘রোজ ভ্যান চালায়ে যা আয় ওরি, তা দিয়ে চাল, ডাল, তেল, নুন কিনে বাড়ি ফিরি। কিন্তু করোনা রোগের জন্যি সরকার বাড়িত্তে বারোতি মানা করিছে। তিনদিন ধরে বাড়িতি বিকার সুমায় কাটাচ্ছি। আয় রুজগার না থায়াই সুংসার অচল হয়ে গিছিলো। শনিবার বিয়েলে চিয়ারম্যান, ইউএনও ছার, পুলিশ, মেলেটারি বাড়ির পর আসে একটা বস্তা দিয়ে গেলো। বস্তার মধ্যি চাল, ডাল, আলু, নুন, তেল, সবান সবই আছে। আলহামদুলিল্লাহ এতে পুলাপান নিয়ে ৪-৫ দিন ধরে খাতি পারবানে।’ কথাগুলো বলছিলেন, মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক মনা মিয়া। চাল-ডাল পেয়ে তারই মতো খুশি গোয়ালখালী গ্রামের দিনমজুর পাচু বিশ্বাসের মেয়ে এলাচি বেগম। 

করোনা পরিস্থিতি বিবেচনায় প্রথম দফায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে মোট ৪০ মেট্রিক টন চাল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য নগদ পাঁচ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শনিবার সেগুলো জেলার চার উপজেলায় দিনমজুর বা খেটে খাওয়া দরিদ্র চার শ’ পরিবারকে বিতরণ করা হয়েছে।

চাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাফিজার রহমান জানান, করোনার কারণে কাজে যেতে না পারায় দরিদ্র ভ্যান চালক মনা মিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি চাল, তিন কেজি আালু, এক কেজি ডাল, এক লিটার তেল, আধা কেজি লবণ ও একটি সাবান দেওয়া হয়েছে। এভাবে প্রথম দফায় তার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৬০টি পরিবারকে সহায়তা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের পক্ষ থেকে তার নির্দেশনায় শনিবার ও রোববার প্রথম দফায় সদর উপজেলার ১৩টি ইউনিয়নে দরিদ্র এক হাজার পরিবারের মাঝে ১০ টন চাল ও দুই লাখ টাকার আলু, ডাল, লবণ, তেল ও সাবান বিতরণ করা হয়েছে। তিনি জানান, জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের দেওয়া বরাদ্দ তাদের হাতে মজুদ রয়েছে।

জেলা  প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, সরকারের হাতে প্রচুর খাদ্য মজুদ আছে। একটি মানুষও না খেয়ে কষ্ট পাবেন না।

আরও পড়ুন

×