১২ কৃষকের বসতঘরসহ পানবরজ পুড়ে ছাই
আগুনে পুড়ে যাওয়া পানের বরজ - সমকাল
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৩:২৯
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে আগুন লেগে ১২ কৃষকের বসতভিটা, আসবাবপত্র, নগদ টাকা ও পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার উপজেলার পারদখলপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে কৃষক আলীমের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার বসতঘর, পানবরজসহ প্রতিবেশী আব্দুল ওহাব, সোলাইমান, সেলিম, রজব আলী, নুরুল ইসলাম, শিমুল হোসেন, জাকির হোসেন, আব্দুস সামাদ, হুজাব আলী, মুকুল বিশ্বাস ও বিপুল বিশ্বাসের বসতঘর ও পানবরজে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউপি সদস্য সাইফুর রহমান মিঠু জানান, আগুনে মুহূর্তেই ১২ কৃষকের প্রায় ৭ বিঘা জমির পানবরজ, বসতঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। পানবরজ পুড়ে যাওয়ায় তাদের ভবিষ্যত স্বপ্নও পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
- বিষয় :
- অগ্নিকাণ্ড
- বসতঘরে আগুন
- পানের বরজে আগুন
