মাইক্রোর সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ ছাত্র নিহত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল - সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৩:৪০
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র প্রাণ হারিয়েছে। শনিবার রাতে জরুরি ওষুধবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণহানি এই ঘটনা ঘট।
নিহতরা হলেন- পাটকেলঘাটার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মন্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ইসলামকাটি টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মোটরসাইকেলে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা থেকে খুলনাগামী মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ছাত্র গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
