ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাদারীপুরে ৬৮ বস্তা সরকারি চালসহ যুবলীগ নেতা আটক

মাদারীপুরে ৬৮ বস্তা সরকারি চালসহ যুবলীগ নেতা আটক
×

আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লা। ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৩:৪১ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ০৩:৪৯

মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর বাজার থেকে সরকারি ৬৮ বস্তা চালসহ আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লা (৩০) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যের সরকারি ৬৮ বস্তা চালসহ মাসুমকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। 

আটক মাসুম মোল্লা শিবচরের বাশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগে সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির পাশাপাশি চালের ডিলারের ব্যবসা করতেন।

এ বিষয়ে শিবচর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক যুবলীগ নেতাকে রোববার বেলা ১২টার দিকে মাদারীপুর কোর্টে পাঠানো হয়েছে। আটক মাসুম মোল্লা শেখপুরের মির্জারচর গ্রামের জয়নাল আবেদিন মোল্লার ছেলে।

স্থানীয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে শেখপুর বাজারের মাসুম মোল্লা নামের এক ব্যবসায়ী অন্যত্র মজুদের জন্য সরিয়ে নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল। এসময় অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য একটি দোকান থেকে উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। 

অভিযানে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র্যা ব- ৮ এর একটি দল উপস্থিত ছিলো। 

শিবচর বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মুন্সি বলেন, মাসুম মোল্লার চালসহ আটকের ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাসুম মোল্লা বাঁশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে যুবলীগের রাজনীতি করেন।

শিবচর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইমদাদুল ইসলাম শিকদার বলেন, মাসুম মোল্লা যেহেতু সরকারি চালসহ আটক হয়েছেন, এখন তার বিরুদ্ধে আমি বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছি। তার ডিলারশিপ বাতিল করা হবে। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চালসহ মাসুম মোল্লাকে আটক করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিবচর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক ডিলারকে মাদারীপুর কোর্টে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন

×