ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মানিকগঞ্জে জ্বর-কাশি নিয়ে নারীর মৃত্যু

মানিকগঞ্জে জ্বর-কাশি নিয়ে নারীর মৃত্যু
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৪:১৩

মানিকগঞ্জের হরিরামপুরে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সুচিত্রা সরকার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কি-না তা নিশ্চিত হতে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

সুচিত্রা সরকার হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মুদি দোকানদার নিতাই সরকারেরর স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, সুচিত্রা সরকার সাতদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এবং দুইদিন ধরে পাতলা পায়খানায় আক্রান্ত ছিল বলে জানা গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

তিনি জানান, সাতদিন আগে ওই নারীর শ্বশুর মারা যান। তার শেষকৃত্য অনুষ্ঠানে অনেক লোক সমাগম হয়েছিল। সেখানে আসা কোনো ব্যক্তির কাছ থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নির্দেশনা অনুযায়ী ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হযেছে। দ্রততম সময়ের মধ্যে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, মৃতের পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতালকে বিশেষ নজরদারিতে এবং রোগীর সংস্পর্শে আশা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×