কালাইয়ে একই পরিবারের ৪ জন আইসোলেশনে
ছবি: সংগৃহীত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৬:২৬
জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একই পরিবারের চারজন সদস্যকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। রোববার সকালে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউটের আইসোলেশন ইউনিট তাদের ভর্তি করা হয়।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা। তিনি জানান, করোনা সন্দেহে আইসোলেশনে রাখা ওই পরিবারের ৪ জনের মধ্যে এক যুবকের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই পরিবারের সংস্পর্শে আসা ১১ জনকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আহমদ জেবাল জানান, কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামের ওই যুবক পোল্ট্রি ব্যবসার সুবাদে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা ও তাদের সংস্পর্শে যাওয়ার কারনে তার শরীরে করোনা ভাইরাস আসতে পারে। করোনাভাইরাসের লক্ষণ সন্দেহ হওয়ায় তাকেসহ ওই পরিবারের ৪ সদস্যকে গোপীনাথপুর আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে করোনা সন্দেহে গোপীনাথপুর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মাঝে। যদিও চিকিৎসকরা বলছেন- এখনও ভয়ের কিছু নেই।
- বিষয় :
- জয়পুরহাট
- কালাই
- করোনাভাইরাস
- আইসোলেশন ইউনিট
