চট্টগ্রামে রেস্টুরেন্ট খুলতে ৭ শর্ত পুলিশের
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৯:৪৭
করোনাভাইরাসের এই সময়ে সাধারণ জনগণের সুবিধার কথা চিন্তা করে ৭ শর্তে চট্টগ্রাম মহানগরীর খাবার দোকান, বেকারি ও রেস্টুরেন্ট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এই মর্মে রোববার রাতে নগরের সকল থানার ওসিদের নির্দেশনা প্রদান করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। এতে অত্যন্ত সাবধানতার সঙ্গে যেন রেস্টুরেন্ট মালিকরা খাবার বিক্রির কার্যক্রম পরিচালনা করেন সে ব্যাপারে সকল থানার ওসিদের সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। মূলত যারা ছিন্নমূল বা রেস্টুরেন্টের খাবারের ওপর নির্ভরশীল, তাদের জন্য এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সিএমপি।
সিএমপির শর্তগুলো হলো-শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেওয়া যাবে। রেস্টুরেন্ট বা দোকানের ভেতর খাবার খাওয়া যাবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে। খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে। রেস্টুরেন্ট বা খাবার দোকানকে কেন্দ্র করে কোন আড্ডা চলবে না। খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। প্রত্যেক খাবারের দোকানে প্রবেশ পথে হ্যান্ডওয়াশ বা সেনিটাইজেশন ব্যবস্থা রাখতে হবে এবং খাবার পার্সেলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
