ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লালপুরে বিষমুক্ত টমেটো চাষে লাভবান কৃষকরা

লালপুরে বিষমুক্ত টমেটো চাষে লাভবান কৃষকরা
×

জমি থেকে টমেটো তোলার পর বাড়ির উঠানে এনে ভালো-খারাপ বাছাই করছেন এক গৃহবধূ- সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২২:১৯

নাটোরের লালপুরে সেক্স ফেরোমন ফাঁদ, জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে কীটনাশকের প্রয়োগ ছাড়াই সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদ পদ্ধতিতে টমেটো চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। পরিবেশবান্ধব এই পদ্ধতির মাধ্যমে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা পাচ্ছে, তেমনি টমেটোর উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বাজারে চাহিদা থাকায় ও দাম ভালো পাওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন।

লালপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লালপুর উপজেলার লালপুরের চর এলাকা, কদিমচিলান, শোভ ও হোসেনপুর এলকায় মোট ৪০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। এই সকল জমি থেকে প্রায় ১২০ মেট্রিকটন টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হোসেনপুর ও কদিমচিলান এলাকায় মোট ৫ হেক্টর জমিতে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে কোন প্রকার কীটনাশক ব্যবহার ছাড়াই টমেটোর চাষ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার হোসেনপুর গ্রামে গিয়ে দেখা যায়, জমির ভেতরে গাছগুলিতে থোকায় থোকায় কাঁচা-পাকা টমোটো ধরে আছে। টমেটোর ভারে গাছ মাচান ভেঙ্গে মাঠিতে নুইয়ে পড়েছে। চাষীরা গাছ থেকে পাকা টমেটো বাজারে বিক্রয়ের জন্য তুলছেন। এ সময় কথা হয় টমেটো চাষী আসাদুলের সঙ্গে। তিনি বলেন, আমি এই বছর ২৫ হাজার টাকা খরচ করে দেড় বিঘা জমিতে কোন প্রকার বিষ না দিয়ে টমেটোর চাষ করেছি। কম খরচে এই পদ্ধতিতে টমেটোর চাষ করে টমেটোর উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে এই টমেটোর চাহিদা ও দাম ভালো থাকায় ৭০ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। এখনও গাছে যে পরিমাণ টমেটো আছে তা বিক্রি করে আরও প্রায় ২০-২৫ হাজার টাকা আয় হবে।

টমেটো চাষী রুপচান আলী বলেন, বিষমুক্ত পদ্ধতিতে এই প্রথম ২০ শতাংশ জমিতে টমেটোর চাষ করে এখন পর্যন্ত ৪৫ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। এখনও ১০-১৫ হাজার টাকার টমেটো বিক্রি করা যাবে। তিনি আরও বলেন, এই এলাকার অনেক কৃষকই আগামীতে বিষমুক্ত এই পদ্ধতিতে টমেটো চাষ করবে।

লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, এবার উপজেলায় ৪০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। এর মধ্যে ৫ হেক্টর জমিতে বিষমুক্ত উপায়ে টমেটোর চাষ করা হয়েছে। পরিবেশ ও মানবদেহর কোন প্রকার ক্ষতি করে না এই টমেটো। পরিবেশবান্ধব জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কোন প্রকার কীটনাশকের প্রয়োগ ছাড়া সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের টমেটোর চাষ বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কৃষকদের আগ্রহী করতে কৃষি অফিস কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

×