গভীর রাতে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন আজিজ
সিরাজগঞ্জে দরিদ্রদের বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ- সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০ | ২৩:০৫
সিরাজগঞ্জের তাড়াশে গভীর রাতে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এমপি আজিজ। দরিদ্র ফাহিমা (৪০), রায়হান আলী (৬২) ঘুম থেকে উঠে বুঝতেই পারেননি তাদের বাড়িতে হাজির হয়েছে এমপি।
হাতে ব্যাগ, ব্যাগে ভর্তি চাল, আটা, লবণ, তেল, মসুর ডাল, চিনিসহ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ। হাত বাড়িয়ে হাতে তুলে দিয়ে বলছেন, আপনারা বাড়িতেই থাকবেন আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেব এ নিশ্চয়তা দিচ্ছি।
আর এভাবেই রাত যখন গভীর তখন এলাকার দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে ঘুম থেকে ডেকে তুলে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
শুক্রবার তিনি তার নির্বাচনী এলাকার কোহিত মোড়, ওয়াবদা বাঁধ এলাকাসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব পৌঁছে দেন।
এ সময় সাহায্য পাওয়া ফাহিমা খাতুন বলেন, এমপি সাহেব যে আমাদের সাহায্য করতে এত রাতে বাড়ি বাড়ি আসবেন তা আমরা ভাবতেই পারিনি।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ বলেন, জনসমাগম এড়িয়ে দরিদ্রদের প্রয়োজনীয় খাবার আমরা গভীর রাতেও পৌঁছে দিচ্ছি । তারপরেও তারা বাড়িতে থেকে করোনাভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখুক।
- বিষয় :
- করোনাভাইরাস
- খাদ্যসামগ্রী
