বগুড়ায় শ্বাসকষ্ট নিয়ে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু, এলাকায় আতঙ্ক
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৬:৫৩
বগুড়া শহরের পুরাতন বগুড়া এলাকায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এমন খরব ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে বাড়ির চারদিকে অবস্থান নেয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের জন্য সেখানে একটি টিম পাঠানোর কথা থাকলেও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কেউ যায়নি।
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের এক ব্যক্তি বগুড়া শহরের একটি হোটেলে বাবুর্চির কাজ করেন। তিনি শহরের পুরান বগুড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। ৭০ বছর বয়সী তার বাবা গত ২৪ মার্চ সেখানে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ওই বৃদ্ধ খাবার খেয়ে ঘরে বিশ্রাম নিতে যায়। দুপুর আড়াইটার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
বৃদ্ধের ছেলের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন আরও জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার জ্বর ছিল না।
বৃদ্ধের ছেলে বলেন, আমার আব্বা বহু বছর ধরে শ্বাসকষ্টে ভুগছেন। শীত কিংবা গরম বাড়লে আব্বা’র শ্বাসকষ্টও বাড়ে।
বগুড়া সদর থানার ওসি এস এস বদিউজ্জামান জানান, শ্বাসকষ্টে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, বিষয়টি জানার পর পরই নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। তবে এখনই বাড়িটি লকডাউনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল টিমের সুপারিশ পাওয়ার পর ব্যবস্থা নেওয় হবে।
বগুড়ার সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য একটি টিমকে সেখানে পাঠানো হচ্ছে। লকডাউন ঘোষণার প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
- বিষয় :
- বগুড়া
- করোনাভাইরাস
