শবেবরাতে ঘরে ইবাদতের আহ্বান সিসিক মেয়রের
আরিফুল হক চৌধুরী -ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৮:০৩
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মতো সিলেটেও সব ধরনের জনসমাগম নিষিদ্ধ রয়েছে। এ পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার পবিত্র শবেবরাতের রাতে ঘরে বসে ইবাদত করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার নগরবাসীকে এ আহ্বান জানান তিনি। এ সময় জমায়েত বা লোকসমাগম করে মিলাদ মাহফিল না করারও আহ্বান জানান মেয়র।
মেয়র আরিফ বলেন, নবীজি দুর্যোগের সময় যার যার ঘরে বসে ইবাদত করার কথা বলেছেন। তাই বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবার ঘরে বসে স্রষ্টাকে স্মরণ করাই উত্তম। এ ছাড়া নগরবাসীকে ঘর থেকেই মরহুম নিকটাত্মীয়দের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যারা শবেবরাতে সাধারণ মানুষকে সাহায্য করতে চান, তারা নিজ নিজ এলাকার প্রতিবেশী, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের সাহায্য করুন। সিটি করপোরেশন বা অন্য কোনো ফান্ডে এই সাহায্য দেওয়ার প্রয়োজন নেই বলেও জানান মেয়র আরিফ।
