কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৮:২৯
কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে বিশাল আকৃতির মৃত একটি ডলফিন ভেসে এসেছে। শনিবার দুপুরে টেকনাফের শামলপুর সমুদ্রসৈকতে মৃত ডলফিনটি ভেসে আসে।
স্থানীয় যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, দুপুরে টেকনাফ শামলাপুর সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসে। এসময় সেটি দেখতে লোকজন ভিড় করে। আবার অনেককে ছবি তুলতে দেখা যায়। বিকেল পর্যন্ত মাছটি সেখানে পড়ে ছিল।
কক্সবাজারের পরিবেশ বিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেন, এই সময়ে ডলফিন মারা যাবার প্রশ্ন আসে না। হয়তো দুটি কারণে ডলফিন মাছ মারা যাচ্ছে। এক পানি দূষিত, দ্বিতীয় জেলেদের জালে আটকা পড়লে মেরে ফেলা হচ্ছে। এসব ডলফিন রক্ষার্থে জেলেদের সচেতনতা এবং পানির দূষণ কমানো দরকার।
তবে সমুদ্রসৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবরটি জানা নেই বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এ দিকে গত কয়েক দিন আগে পর্যটকশূন্য কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকতে বিরল ডলফিনগুলো দলবেধে খেলা করতে দেখা গেছে। কিন্তু এখন এই ডলফিনের সংখ্যা কমে গেছে।।
